যদিও আমি দেখিনি তোমার নাচ তোমার সাক্ষাতে। তবু নৃত্যেরই ভঙ্গিমায় তোমাকে দেখি। বুঝি, এই বিভঙ্গ তোমার শরীরে ছড়িয়েছে কোনো এক সুপ্রাচীন নাচের ঘরানা। মাঝে মাঝে তোমার ছবি দেখে মনে হয়, এখনই শুরু হবে কোনো গান। তার সুর তরঙ্গের হিল্লোলে ছড়িয়ে যাবে তোমার শরীরে। তোমার হৃদয় ঝঙ্কারে জেগে উঠবে সহসা। তোমার তনুতে বলে উঠবে ভাষা। প্রতিটি আঙ্গুলের ইশারায় তৈরি হতে থাকবে আনন্দ। বাঁকে বাঁকে শব্দগুলো খেলতে থাকবে তুমুল মৌতাতে। কখনো আকাশে ডানা ঝাপটাবে অসংখ্য পাখি কখনো সাগরে উঠবে লহরী। আমি তোমার গতির ভেতর হারিয়ে যাবো। দেখবো গান ছড়িয়ে পড়ছে নাচ হয়ে তোমায় সকাশে। দেখবো তোমার ভেতর জেগে ওঠা ঢেউ আমাকে ভিজিয়ে দিচ্ছে জলের তাণ্ডবে।
