কবিতা

জবা ফুল

লেখক: মাহবুব মোর্শেদ · প্রকাশকাল: ২৪ অক্টোবর ২০২৬

হয়তো কোথাও বিক্রি হয় জবাফুলও এই শহরে। তার খোঁজ আমি এখনও জানি না। দেখিনি কখনো রাস্তায়। ফুলের সওদাগর গাড়ির জানালায় উঁকি দেয়। হাতে থাকে রক্ত গোলাপ, শুভ্র দোলনচাঁপা, হাসনাহেনা, বেলী। শাহবাগে নবাবের পুরনো বাগানের পাশে বসে ফুলের পসরা। অর্কিড, রজনীগন্ধা, গ্ল‍্যাডিওলাস। শাদা গোলাপ, সূর্যমুখি, গাঁদা। বর্ষার প্রথম কদম। চন্দ্রমল্লিকা, জারবেরা, টিউলিপ। জবা তো দেখি না কোথাও। অথচ আজ আমার জবাই দরকার। হয়তো পাবো পুরনো ঢাকায় কোনো প্রাচীন বাড়িতে অথবা কালীমন্দিরের পাশে। অজস্র জবাফুল গাছে দেবীর চরণের অপেক্ষায় ফুটে আছে। পূজারীর সদয় অনুমতি নিয়ে একটা ফুল আমি তুলে নেবো। তারপর যাবো তোমার কাছে। বলবো, স্মরগরল খণ্ডনং, মম শিরসি মণ্ডনং, দেহি পদপল্লবমুদারং।

মন্তব্য করুন

আরও পড়ুন

কবিতা বিভাগের অন্যান্য লেখা

সব কবিতা →
নাচ কবিতা

নাচ

যদিও আমি দেখিনি তোমার নাচ তোমার সাক্ষাতে। তবু নৃত‍্যেরই ভঙ্গিমায় তোমাকে দেখি। বুঝি, এই বিভঙ্গ তোমার শরীরে ছড়িয়েছে কোনো এক...

২৪ অক্টোবর ২০২৬ সম্পূর্ণ পড়ুন →
আর্কাইভ অনুসন্ধান

মাহবুব মোর্শেদের লেখা খুঁজুন